images

জাতীয়

ইরানে নিহত বাংলাদেশির মরদেহ আসছে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষ পড়ে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ শুক্রবার (৩ এপ্রিল) দেশে আসছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় সৌদি আরবের দাম্মাম থেকে গালফ এয়ারের একটি ফ্লাইটে তারেকের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন।

প্রসঙ্গত, সম্প্রতি ইরানের সামরিক অভিযানের সময় নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বাহরাইনে পড়লে এ ঘটনায় প্রাণহানি হয়। নিহতদের মধ্যে এস এম তারেক নামের ওই বাংলাদেশি কর্মীও ছিলেন। তার মরদেহ দেশে ফেরাতে বাহরাইন ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়।

এমআইকে/এমআই