images

জাতীয়

রাজধানীতে ফুটপাত উচ্ছেদ অভিযানে ৫১ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে সমন্বিত উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া জরিমানা আদায় করা হয়েছে ২ লাখ ৬১ হাজার টাকা।

ট্রাফিক লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া ট্রাফিক জোনের ফুলবাড়িয়া এলাকায় অভিযানে আইন অমান্য করায় ১৩ জন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।

ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী জোনে যাত্রাবাড়ী মোড় থেকে সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ১৩ জন ব্যবসায়ীকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং অন্যদের সতর্ক করা হয়েছে।

ট্রাফিক রমনা বিভাগ সূত্রে জানা যায়, শাহবাগ জোনে ঢাকা মেডিকেল, নিমতলী, বঙ্গবাজার হয়ে গোলাপশাহ মাজার ক্রসিং এলাকা পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৫৬টি ভিডিও মামলা ও ১২টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা এবং প্রায় চার পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়।

ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, পল্লবী জোনে মিরপুর ১০ থেকে মিরপুর ১২ এলাকায় অভিযানে ১৬টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাস্তা দখলমুক্ত করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান অব্যাহত থাকবে।

এসকেএস/এমআই