images

জাতীয়

সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, চক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পিএম

‎সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং আটটি সিম কার্ড উদ্ধার করা হয়।

‎বুধবার (১ এপ্রিল) রাতে আশুলিয়া থানার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিংয়ের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিপন মিয়া নেত্রকোণা জেলার পূর্বধলার চান মিয়ার সন্তান।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,  একজন ভুক্তভোগী রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তার ব্যবহৃত একটি আইফোন-১৫ মডেলের স্মার্টফোন হারিয়ে ফেলেন। পরবর্তীতে মোবাইল ফোন উদ্ধারের জন্য তিনি ‘সাইবার ক্রাইম হেল্প লাইন’ নামে একটি ভুয়া ফেসবুক আইডিতে যোগাযোগ করেন। ওই আইডি থেকে তাকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়। 

নাম্বারে যোগাযোগ করলে প্রতারক নিজেকে সিআইডির সাইবার ইউনিটের এসআই (উপপরিদর্শক) ইকবাল হোসেন পরিচয় দিয়ে মোবাইল উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখায়। একপর্যায়ে প্রতারক মোবাইল উদ্ধার বাবদ ভুক্তভোগীর কাছ থেকে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা নেয় এবং পরবর্তী পর্যায়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। 

‎এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খিলক্ষেত থানায় একটি মামলা করে। মামলার পরপরই সিপিসি, সিআইডি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, একই কৌশল অবলম্বন করে প্রতারক চক্র আরও এক ভুক্তভোগী থেকেও ৭২ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেছে।

সিআইডি কর্মকর্তা জসিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতার আসামি দীর্ঘদিন যাবৎ নিজেকে সিআইডি পুলিশের সদস্য (এসআই ইকবাল, এসআই আরমান ইত্যাদি) পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের হারানো মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। মামলা ছাড়াও সিআইডির সাইবার সাপোর্ট সেন্টারে তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

‎একেএস/ক.ম