নিজস্ব প্রতিবেদক
০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম
চারদিক ধরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ১৫ জেলেসহ ভাসছিলো ট্রলার। অবশেষে ট্রলারসহ তাদের উদ্ধার করেছে নৌবাহিনী। বুধবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনী নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নৌবাহিনীর একটি টহল দল সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে টহল দলটি ঘটনাস্থলে পৌঁছে আরোহীসহ ট্রলারটি উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেরা জানান, গত ২৭ মার্চ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা দিকভ্রান্ত হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকেন। একপর্যায়ে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। ফলে তারা চরম দুর্ভোগে পড়েন। নৌবাহিনীর সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে নৌবাহিনী ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে নিয়ে যায়। সেখানে তাদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সব জেলে সুস্থ রয়েছেন এবং নিরাপদ অবস্থানে আছেন। আজ বুধবার তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
একেএস/ক.ম