images

জাতীয়

ইংরেজি শেখাতে ৩০০ কর্মকর্তাকে থাইল্যান্ড পাঠানোর উদ্যোগ, সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম

ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে উপ-সচিব থেকে সিনিয়র সচিব পর্যায়ের প্রায় সাড়ে ৩০০ কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য থাইল্যান্ডে পাঠানোর উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থনৈতিক বাস্তবতা ও প্রয়োজনীয়তায় এ উদ্যোগ নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে।

জানা গেছে, প্রশিক্ষণ কেন্দ্রটি পর্যটননির্ভর শহর পাতায়া থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে অবস্থিত। দেশে প্রশিক্ষণে কর্মকর্তাদের আগ্রহ কম থাকায় বিদেশে প্রশিক্ষণের এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিয়াম ফাউন্ডেশন। এটি অনুমোদনের জন্য বিএনপি সরকারের প্রথম একনেক সভায় উপস্থাপন করা হতে পারে।

তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এমন উদ্যোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক আমলা ও নীতি বিশ্লেষকরা। 

লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, রাজনীতি ও আমলাতন্ত্রে শুদ্ধাচার ও সদিচ্ছা নিশ্চিত না হলে প্রশাসনিক উন্নয়ন প্রত্যাশিতভাবে এগোবে না।

এদিকে কর্মকর্তাদের ইংরেজি শেখাতে বিদেশে পাঠানোর পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

তিনি বলেন, কোনো সচিব যদি ইংরেজি শেখার জন্য বিদেশে যেতে বাধ্য মনে করেন, তাহলে তার যোগ্যতা নিয়েই প্রশ্ন ওঠে। প্রয়োজন হলে দেশে বসেই এ ধরনের দক্ষতা অর্জন সম্ভব।

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়িয়ে সেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর বিভিন্ন প্রশিক্ষণ প্রকল্প নেওয়া হয়। তবে চলমান কৃচ্ছ্রসাধন নীতির কারণে আগে এই প্রকল্পটি অনুমোদন পায়নি বলে জানা গেছে। এবার নতুন করে অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক। তারা শুধু জানিয়েছেন, আগের সীমাবদ্ধতা কাটিয়ে প্রকল্পটি বাস্তবায়নের জন্য আবার অনুমোদন চাওয়া হয়েছে।

এমএইচএইচ/এআরএম