জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম
রাজধানীর সমস্যাগুলো সমাধানে নগর সরকার গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেছেন, রাজধানীতে বহু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধানে সমন্বয় প্রয়োজন। এর জন্য নগর সরকার প্রয়োজন। নগর সরকার গঠিত না হলে এসব সমস্যা সমাধান সম্ভব নয়। আশা করি বর্তমান প্রধানমন্ত্রী সেদিকে মনোযোগ দেবেন।
বুধবার (১ এপ্রিল) ডিএসসিসির নগর ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ (ইউডিজেএফবি)-এর কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ফুটপাত দখল, মার্কেট দখল, অনিয়ন্ত্রিত রিকশাসহ নগরীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য আমরা কাজ করছি।
এসময় তিনি বলেন, মাস্টার প্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়।
আবদুস সালাম বলেন, পাকিস্তান আমলে শেরেবাংলা নগরকে দ্বিতীয় শহর হিসেবে মাস্টার প্ল্যান করা হয়েছিল। বর্তমানে বাস্তবায়নে কিছুটা ব্যত্যয় হয়েছে। তবে এখন ওই এলাকা অনেকটাই পরিকল্পিত শহর। অনেক বড় বড় রাস্তা রয়েছে এবং দেখতে খুবই সুন্দর। মন্ত্রণালয়ের অনেক বিভাগ ওই এলাকায় স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেন, ধূপখোলায় তিনটি মাঠ ছিল। সেখানে একটি মাঠ রেখে বাকি জায়গায় মার্কেট তৈরি করেছেন সাবেক মেয়র ব্যারিস্টার তাপস। এটি একদম ঠিক হয়নি। নগরীতে এমনিতেই মাঠের সংকট রয়েছে।
আমরা ওয়ার্ডভিত্তিকভাবে মাঠ করার চেষ্টা করছি। অন্তত দুটি ওয়ার্ড মিলে যেন একটি খেলার মাঠ করা যায়, এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে, যোগ করেন তিনি।

আবদুস সালাম বলেন, রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কিছু উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বাসগুলো সরিয়ে কাঁচপুর টার্মিনালে নেওয়ার কাজ চলছে। কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের কাজও চলছে।
তিনি আরও বলেন, কেরানীগঞ্জের বাঘৈরে নতুন আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে। এই বাস টার্মিনালগুলো চালু হলে শহরের মধ্যে জেলা বাস চলাচল বন্ধ হবে। এতে যানজট অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।
সভায় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ, সহসভাপতি ফয়সাল খান, সাধারণ সম্পাদক হাসান ইমনস, উপদেষ্টা অমিতোষ পাল ও হেলিমুল আলমসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এএম/এআর