images

জাতীয়

শহীদ মুগ্ধের বাবার হার্টে তিনটি ব্লক: সফলভাবে রিং প্রতিস্থাপন

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল ২০২৬, ১০:১৭ এএম

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমানের হার্টে তিনি ব্লক ধরা পড়েছে। এ অবস্থায় রাজধানীর জাতীয় হদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনাইসিভিডি) রিং প্রতিস্থাপন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) এনাইসিভিডির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের চিকিৎসক টিম তার হার্টে সফল অস্ত্রোপচার করে দুটি রিং প্রতিস্থাপন করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

এ বিষয়ে অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী জানান, মীর মোস্তাফিজুর রহমান হার্টের সমস্যা নিয়ে আগেও ভর্তি হয়েছিলেন। তখন হার্টের ব্লক থাকা নিয়ে সন্দেহ হয়। মাসখানেক পর এনজিওগ্রাম করে রিং বসানো হয়েছে। এখন তিনি আশঙ্কা মুক্ত এবং সুস্থ আছেন। বুধবার (০১ এপ্রিল) তাকে ছাড়পত্র দেওয়া হবে।

জানা গেছে, মীর মোস্তাফিজুর রহমান ৫ ফেব্রয়ারি গুরুতর হার্ট অ্যাটাক করলে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল নেওয়া হয়। পরদিন চিকিৎসকরা তাকে এনআইসিভিডিতে রেফার্ড করেন। ওইসময় তাকে ২ দিন এনাইসিভিডির ইর্মাজেন্সি সিসিইউতে এবং ৫ দিন কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে ১৪ ফেব্রয়ারি তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। প্রটোকল অনুযায়ী একমাস পর এনজিওগ্রামের তারিখ দেওয়া হয়। ৮ মার্চ পুনরায় ভর্তির হলে এনআইসিভিডির পরিচালক নিজে তার এনজিওগ্রাম করেন। এসময় তার হার্টে তিনটি ব্লক ধরা পড়লে কার্ডিয়াক সার্জনের পরামর্শে সোমবার অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসক দলের অন্যান্য সদস্য হিসেবে ছিলেন— এনআইসিভিডির অধ্যাপক ডা. আশরাফ উদ্দিন চৌধুরী, সহযোগি অধ্যাপক ডা. ফারহানা আহমেদ, সহকারী অধ্যাপক ডা. মিজানুর রহমান মজুমদার, সহকারী অধ্যাপক ডা. মো. ছাদেকুল ইসলাম, সহকারী পরিচালক ডা. মেজবাহ উদ্দিন আহমেদ ও ডা. আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

ডা. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, রিং প্রতিস্থাপনের পর রোগীকে ২৪ ঘণ্টা সিসিইউতে রাখা হয়। সিনিয়র চিকিৎসকদের পর্যবেক্ষণের শেষে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে রোগী সুস্থ আছেন।

এদিকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, তার সম্পূর্ণ চিকিৎসা খরচ সরকারিভাবে বহন করা হবে। তবে হাসপাতাল থেকে একটি স্টেন্ট (রিং) সরবরাহ করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর ও ‘আমরা বিএনপি পরিবার’ নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিচ্ছেন। এর আগে বাবার অসুস্থতা নিয়ে মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন।

এসএইচ/এএস