images

জাতীয়

জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ মার্চ ২০২৬, ০২:১৪ পিএম

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

‎মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা বক্স কালভার্ট পরিষ্কার কাজের উদ্বোধনকালে এই ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

‎ডিএসসিসি প্রশাসক বলেন, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান আছে। একই সঙ্গে আজ থেকে জলবদ্ধতা নিরসনে আমরা মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম ঘোষণা করছি। এই বক্স কালভার্ট ও নর্দমা পরিষ্কার কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে ক্রাশ প্রোগ্রাম শুরু করছি।

‎তিনি আরো বলেন, প্রকৌশল ও বর্জ্যসহ সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে জলাবদ্ধতা নিরসনে ক্রাশ প্রোগ্রাম বাস্তবায়ন করবে। আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ভাগ করে দিয়েছি, যাতে সঠিকভাবে কার্যক্রম বাস্তবায়ন হয়।

‎জলাবদ্ধতা নিরসনে গৃহীত কার্যক্রমগুলো তুলে ধরে প্রশাসক আবদুস সালাম বলেন, বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৃষ্টির পানি নির্গমনের জন্য ৩টি (কমলাপুর টিটিপাড়া, ধোলাইখাল, হাতিরঝিল) আউটলেট রয়েছে। এই ৩টি আউটলেটের অধিক্ষেত্রের অর্থাৎ ১০৯.২৪ বর্গ কি.মি. এলাকার পানি নিষ্কাশিত হয়, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

‎প্রশাসক বলেন, দ্রুততম সময়ে পানি নিষ্কাশনের জন্য দুটি নতুন আউটলেট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা প্রস্তাবনা আকারে ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

‎এ ছাড়াও বিশ্ব ব্যাংকের অর্থায়নে মেট্রো ঢাকা রেজিলেন্স প্রকল্পের আওতায় গুলিস্তান থেকে সদরঘাট অংশে নতুন একটি আউটলেট (বৃহৎ নর্দমা) নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

‎আবদুস সালাম বলেন, শ্যামপুর খালের পানি নিকটবর্তী বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশনের জন্য খাল প্রকল্পের আওতায় বক্স কালভার্ট ও বৃহৎ ব্যাসের (৮ ফুট) নর্দমার মাধ্যমে আউটলেট নির্মাণের কাজ চলমান রয়েছে।

‎তিনি আরো বলেন, প্রায় ৩৩টি হটস্পট (নিউমার্কেট, নাইম রোড, গ্রিনরোড, শান্তিনগর, মুগদা মেডিকেল, মাদরাসা শিক্ষাবোর্ড, মাজেদ সরদার রোড, পশ্চিম মালিবাগ ইত্যাদি) চিহ্নিত করে জলাবদ্ধতা দূরীকরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন খালসমূহ (২৪টি), বক্স কালভার্ট (৪টি) ও ওয়ার্ড ভিত্তিক নর্দমা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎বক্স কালভার্ট পরিষ্কারের বিষয়ে প্রশাসক বলেন, এই কাজ ৫/৬ মাসের বিষয়। কিন্তু আমি বলেছি এই কাজ এক মাসে সম্পন্ন করতে। কারণ বর্ষা মৌসুম চলে আসছে। দ্রুত না করা গেলে জলাবদ্ধতা তৈরি হবে।

DSCC

‎এ সময় প্রস্তুতির অংশ হিসেবে জলাবদ্ধতা নিরসনকল্পে জলাবদ্ধতার স্থান থেকে দ্রুততম সময়ে বৃষ্টির পানি অপসারণের জন্য ৬টি পোর্টেবল পাম্প ক্রয়ের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান প্রশাসক।

‎তিনি বলেন, সরকারি অর্থায়নে বাস্তবায়িত ‘খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় বৃহৎ ৪টি খাল (কালুনগর, শ্যামপুর, জিরানী ও মান্ডা) খননসহ টেকসই উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

‎এ সময় ঢাকা খালগুলো দখলমুক্ত করার ঘোষণাও দেন তিনি। এজন্য তিনি নগরবাসীর সহযোগিতা চান।

‎আবদুস সালাম বলেন, আমাদের একার পক্ষে সব সম্ভব না। আমি যে কথাটি বলি, ৫০ শতাংশ নাগরিকরা করবে বাকি ৫০ শতাংশ সিটি করপোরেশন করবে। নাগরিকদের সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়া সম্ভব না।

‎এএম/এফএ