images

জাতীয়

হুমকি পাচ্ছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ ২০২৬, ০১:৩৫ পিএম

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, মালিক ও শ্রমিক নেতাদের নামে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে অব্যাহতভাবে নানান হুমকি-ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে তিনি ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আমাকে নানা নম্বর থেকে কল করে হুমকি দেয়া হচ্ছে। রাজধানীর ডেমরা থানায় একটি জিডি (সাধারণ ডায়ের) করেছি।’

জিডিতে বলা হয়, বিগত দুই দশক ধরে দেশে যাত্রী নিরাপত্তা, দুভোর্গ ও ভোগান্তি লাঘবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে মো. মোজাম্মেল হক চৌধুরী মানুষের অধিকার নিয়ে কথা বলে আসছেন। বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে, পরিবহন মাফিয়ারাদের চাপে তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী তাকে একাধিক মামলা দিয়েছেন, জেলে নিয়েছেন। নতুন সরকারের সময়ে যাত্রী কল্যাণ সমিতির ধারাবাহিক কাজের অংশ হিসেবে বিগত ঈদুল ফিতরে বাড়তি ভাড়া ও ঈদের পরে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত দুটি প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা পরিবহন মালিক, শ্রমিক ও নানামহল থেকে অব্যাহত হুমকি ধামকি দেওয়া হচ্ছে অভিযোগ সংগঠনটির।

ডেমরা থানার ডিউটি অফিসার তাহমিনা জানান, তিনি জিডির বিষয়টি জানতে পেরে আমাদের স্যার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। উনি জিডি করেছেন ঘটনা সত্য। 

এদিকে তার সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল ৩০ মার্চ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশের পর এলাকায় এলে দুপুরের পর থেকে কিছু অবাঞ্ছিত লোকজন তার গতিবিধি লক্ষ্য করছে। তার অফিস, বাসা, ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে তাঁরা সন্দেহজনকভাবে ঘুরাফেরা, বিভিন্ন লোকজনের কাছে তার ও তার পরিবারের লোকজনের অবস্থান ও কর্মকান্ড সর্ম্পকে খোঁজ খবর নিচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি তার জীবনের নিরাপত্তায় ডেমরা থানায় সাধারণ ডাইরি করেন। এক অনলাইন ভিডি বার্তায় তিনি তার জীবনের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।  

এমআইকে/এমএইচএইচ/এমআই