images

জাতীয়

ঢাকা-১৭ আসনের নির্বাচনে কোথায় কত খরচ করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ ২০২৬, ০৭:০৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর নির্বাচনি ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা। সবশেষে বেশি খরচ করছেন এজেন্ট ও অন্যান্য স্টাফ খাতে ৯ লাখ টাকা।

সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নির্বাচনি ব্যয়ের রিটার্ন থেকে এ তথ্য জানা গেছে।

রিটার্নে উল্লিখিত ব্যয়ের খাত বিশ্লেষণে দেখা যায়, প্রচার-প্রচারণায় ব্যয় হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা, পরিবহন বাবদ ১ লাখ ১০ হাজার টাকা, জনসভা আয়োজনের জন্য ১ লাখ ৮০ হাজার টাকা এবং নির্বাচনি ক্যাম্প পরিচালনায় ৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

এ ছাড়া এজেন্ট ও অন্যান্য স্টাফ খাতে সর্বোচ্চ ৯ লাখ ৮৪ হাজার টাকা ব্যয় হয়েছে। আবাসন ও প্রশাসনিক খাতে খরচ হয়েছে ৬৬ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার জন্য ব্যয় হয়েছে ৫০ হাজার টাকা।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। সেই হিসাবে তিনি সর্বোচ্চ ব্যয় করতে পারতেন ৩৩ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা। এক্ষেত্রে তিনি ১০ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা কম খরচ করছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটারপ্রতি ১০ টাকা যেটি বেশি হবে, সেই পরিমাণ অর্থ ব্যয় করতে পারবেন।

আইন অনুযায়ী, নির্বাচিত প্রার্থীর নাম গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব (ফরম-২২) দাখিল করা বাধ্যতামূলক। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুসারে নির্ধারিত ফরমে হলফনামাসহ এই রিটার্ন জমা দিতে হয় এবং এর অনুলিপি রেজিস্টার্ড ডাকযোগে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হয়।

এমএইচএইচ/এফএ