নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬, ০৭:০১ পিএম
জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি, তথা আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে সংসদে বিল পাস করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, গণঅভ্যুত্থানে পুলিশের পোশাক পরে যেসব সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না; প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি দেওয়ার বিষয়ে জুলাই জাতীয় সনদে সরকার অঙ্গীকারবদ্ধ। এটি অঙ্গীকারনামার পাঁচ বা ছয় নম্বর দফা। এই অঙ্গীকারের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের সময় জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছিল। বর্তমানে ১৩৩টি অধ্যাদেশের সঙ্গে এটিও জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।
তিনি জানান, এসব অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০ তারিখ কমিটিতে এসব নিয়ে আলোচনা হবে। সর্বসম্মতিক্রমে জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশটি সংসদে বিল আকারে উপস্থাপন করে পাস করার বিষয়ে সবাই একমত হয়েছেন বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে গণহত্যা চালিয়েছে, জনতার প্রতিরোধের মুখে তাদের কেউ কেউ প্রাণ হারিয়েছে। কারণ, তখন পরিস্থিতি ছিল এক ধরনের রণক্ষেত্র। সেখানে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার জন্যই এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এ বিষয়ে সারাদেশের মানুষ একমত।
আরও পড়ুন: দেশে কোনোভাবেই ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ডের নির্দিষ্ট মামলা হয়েছে। কিছু মামলা আইসিটি আইনে এবং কিছু সাধারণ আইনের অধীনে আদালতে রয়েছে। এগুলোর তদন্ত ও চার্জশিট দেওয়ার কাজ চলছে। এরই মধ্যে বেশ কিছু মামলার বিচারকাজ শুরু হয়েছে এবং তা টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছে। আইনি ও বিচারিক প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে উল্লেখ করে সুষ্ঠু বিচারকাজের পরিবেশ তৈরিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, তারা পুলিশের পোশাক পরুক বা যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী হোক—যে বাহিনীর পোশাকই পরুক না কেন, তারা সবাই অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদি কারও বিরুদ্ধে মামলা না হয়ে থাকে, তবে তা দায়ের করার আহ্বান জানান তিনি। প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত হবে এবং বিচার বিভাগ যথাযথভাবে এর বিচার করবে।
এআর