images

জাতীয়

বিমানকে যাত্রীবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান মন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ মার্চ ২০২৬, ০৬:০৪ পিএম

বাংলাদেশ এয়ারলাইন্সকে যাত্রীবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

সোমবার (৩০ মার্চ) কুর্মিটোলার বলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন আহবান জানান।

আফরোজা খানম বলেন, আমরা আপনাদের সহযোগিতা করতে এসেছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। 

মন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, আপনাদের বেতন আসে সাধারণ যাত্রীদের অর্থ থেকে। তাই তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা আপনাদের নৈতিক দায়িত্ব।

তিনি কর্মীদের পারফরম্যান্স মনিটরিংয়ের মাধ্যমে পদোন্নতির ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন। পাশাপাশি দ্রুত শূন্যপদ পূরণ এবং বেতন-ভাতা সন্তোষজনক পর্যায়ে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও গণতান্ত্রিক। তাই আমরা বিমানকে একটি অনুসরণীয় প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।

Biman1

সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্বিক উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দ্রুত নতুন উড়োজাহাজ সংযোজন, প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য হুইলচেয়ারের সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ফ্লাইটের সঙ্গে অভ্যন্তরীণ ফ্লাইটের সংযোগ জোরদার করা।

সভা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) সরেজমিন পরিদর্শন করেন এবং সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার মান যাচাই করেন।

এমআইকে/এফএ