images

জাতীয়

সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে পুলিশের বাজেট নিয়ে প্রশ্ন করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন করায় আপত্তির মুখে পড়েন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। পরে তিনি দুঃখপ্রকাশ করে নিয়ম মেনে সম্বোধন করেন।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে এ ঘটনা ঘটে।

সম্পূরক প্রশ্নের শুরুতেই হাসনাত বলেন, সালাহউদ্দিন সাহেবকে নিয়ে প্রশ্ন করলে কখন নোটিশ দেওয়ার কথা বলা হয়। সে কারণে তাঁরা সংকোচে থাকেন। এ সময় উপস্থিত সরকারদলীয় সংসদ সদস্যরা আপত্তি তুললে বিষয়টি স্পিকার দেখেন। পরে হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়।

পরে হাসনাত বলেন, তাঁর বয়স সাড়ে ২৭ বছর। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন ১৯৯১ সালে সংসদে এসেছেন, তখন তিনি জন্মাননি—তাঁর জন্ম ১৯৯৮ সালে। সেই জায়গা থেকে কোনো প্রচলিত রীতিনীতির ভুলভ্রান্তি হয়ে থাকলে তা সংশোধন করতে প্রস্তুত আছেন। তাঁদের যখনই নোটিশ দেওয়া হবে, তাঁরা তা ঠিক করে নেবেন। এ সময় স্পিকার বলেন, ধন্যবাদ মাননীয় সদস্য, আমরা প্রতিদিন শিখছি।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বয়স যাই হোক, তাঁকে মাননীয় সংসদ সদস্য হিসেবেই সম্বোধন করতে হবে। তিনি আরও বলেন, অল্প বয়সে সংসদে আসার সৌভাগ্য হয়েছে। তিনি মাননীয় সংসদ সদস্যের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এমএইচএইচ/এআর