images

জাতীয়

বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রীর অন্যরকম সম্মান

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ মার্চ ২০২৬, ০৪:৫৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত এই সাক্ষাতে দুই নেতার মধ্যে রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতার এক বিরল চিত্র ফুটে ওঠে।

tariq-shafik

ঘটনার সূত্রপাত আজ বেলা ১২টায়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজার কাতারে তারা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

জানা গেছে, নামাজ শেষে দুই নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ তাকে সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান।

tariq-shafik

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুই নেতার এই সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক। তারা প্রায় ২০ মিনিট আলাপ করেন। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানানো না হলেও, বৈঠক শেষে প্রধানমন্ত্রী নিজেই বিরোধীদলীয় নেতাকে বিদায় জানাতে তার কার্যালয়ের দরজা থেকে খানিকটা পথ এগিয়ে দেন।

প্রধানমন্ত্রীর এই আচরণ উপস্থিত সবার নজর কাড়ে। 

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলে, প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্য দেখান। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে তার এই বিনয়ী আচরণ সাধারণ মানুষকে মুগ্ধ করেছে। আজ বিরোধীদলীয় নেতাকে এগিয়ে দিয়ে তিনি তার স্বাভাবিক সৌজন্যতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

বিইউ/এআর