নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬, ০৪:৩৪ পিএম
প্রচলিত ইউরোপ ও আমেরিকার বাজারের বাইরে নতুন বাজার খোঁজার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রচলিত ইউরোপ ও আমেরিকার বাজারের বাইরে নতুন বাজার খোঁজার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও চুক্তির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ চলছে।
তিনি বলেন, তৈরি পোশাক খাতের পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণে ফার্মাসিউটিক্যাল, আইটি খাত এবং অন্যান্য প্রযুক্তিনির্ভর পণ্যে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি তৈরি করে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: তেলের অবৈধ মজুত সম্পর্কে তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার
এ ছাড়া বিদেশে বাংলাদেশি মিশনগুলো পণ্য প্রদর্শনী ও রোডশোর মাধ্যমে নতুন বাজার তৈরিতে কাজ করছে বলেও জানান তিনি।
জ্বালানি প্রসঙ্গে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানি সংকট নেই। মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সাম্প্রতিক অস্থিরতার মধ্যেও বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এমএইচএইচ/এআর