নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬, ১২:২৫ পিএম
শেষ মুহূর্তে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের নির্ধারিত তিন দিনের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২ এপ্রিল সফরে ঢাকায় এসে দুই দেশের পররাষ্ট্রসচিবদের ১৪তম বৈঠকে অংশ নেওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা যায়, বেইজিং থেকে ঢাকাকে জানানো হয়েছে যে সুন ওয়েইডংকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা হয়েছে। ফলে তিনি ৩ এপ্রিল অনুষ্ঠেয় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে পারবেন না। এই পরিস্থিতিতে দুই দেশ বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।
দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেই তার এই সফরের পরিকল্পনা করা হয়েছিল।
খসড়া সূচি অনুযায়ী, ২ এপ্রিল রাতে কলম্বো থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল সুন ওয়েইডংয়ের। পরদিন ৩ এপ্রিল পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি তার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত ছিল। এছাড়া ৪ এপ্রিল ঢাকা ত্যাগের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথাও সূচিতে ছিল।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের জুনে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল।
এসএইচ/এমআই