জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ মার্চ ২০২৬, ০১:৫৯ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীতে সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদমান সাইফ রাইভিকে (২৩) হত্যার ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। তারা হলেন— আরমান হক বিপু ওরফে যুব (২১), ইসমাঈল হোসেন ফাহিম ওরফে শাফিন (২১), কামরুল ইসলাম রানা (৩০) ও আলী হোসেন (৫০)।
শনিবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।
এদিকে যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, নিহত সাদমান সাইফ রাইভি সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং পাশাপাশি তেজগাঁও এলাকায় একটি ওষুধ কোম্পানিতে পার্ট-টাইম চাকরি করতেন। গত সোমবার রাতে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।
পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বৃহস্পতিবার তার বাবা বাদী হয়ে ডিএমপির গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মীয়স্বজনরা জানতে পারেন যে, যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী এলাকায় একটি অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন তারা।
যাত্রাবাড়ী থানা সূত্র আরও জানায়, মামলার পর পুলিশের কাছে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৪ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে গ্রেফতারকৃত আসামি আরমান হক বিপু ও ইসমাঈল হোসেন ফাহিম ভিকটিম রাইভিকে কাঁধে হাত দিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের পেছনে মো. জুবায়ের ও কামরুল ইসলাম রানা হাঁটছিল। এ ছাড়া ২৩ মার্চ রাতে কামরুল ইসলাম রানার বাসার ছাদে একটি অনুষ্ঠানে রাইভিসহ তারা উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, ২৪ মার্চ ভোর থেকে ২৬ মার্চ সকালের মধ্যে যেকোনো সময় তারা রাইভিকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে খালে ফেলে দেয়।
প্রধান সন্দেহভাজন মো. জুবায়েরকে বিদেশে (অস্ট্রেলিয়া) পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমআইকে/এফএ