জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম
দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। বিসিএস (প্রশাসন) ক্যাডারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের এই দায়িত্ব দিয়ে রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই প্রজ্ঞাপনে রাজশাহী, খুলনা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ গুরুত্বপূর্ণ জেলাগুলোতে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মেহেরুন জান্নাতকে খুলনার ডিসি করা হয়েছে।
অন্যান্য জেলাগুলোর মধ্যে অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুরে, সরকারি প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক মো. আবুস সাঈদকে ব্রাহ্মণবাড়িয়ায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুরে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম, সরফরাজকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদীর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুরের, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব মুহা. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাটে ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের উপ-প্রকল্প পরিচালক মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানে জেলা প্রশাসক করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত মাঠ পর্যায়ে সরকারের নীতি বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকরা প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেন।
বিইউ/এমআর