images

জাতীয়

ওমরাহ ও ভিজিট ফোরামে যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম

ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সৌদি আরব সফরে গেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সরকারি বিদেশ সফর।

শনিবার (২৮ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সৌদি আরবের মদিনার উদ্দেশে রওয়ানা দেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় অংশ নিতে তিনি এ সফরে গেছেন। আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ ফোরাম অনুষ্ঠিত হবে।

ওমরাহ যাত্রীদের সেবা উন্নয়ন এবং অধিক সংখ্যক ওমরাহ যাত্রী ও ভিজিটরদের ধর্মীয় কার্যক্রম পালনে সহায়তা বাড়ানোর লক্ষ্যেই সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ফোরামের আয়োজন করেছে। মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সউদের পৃষ্ঠপোষকতায় এ সভা অনুষ্ঠিত হবে।

সফরকালে ধর্মমন্ত্রী ওমরাহ ফোরামের বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন। এ ছাড়া চলতি বছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভায় অংশ নেবেন এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য ভাড়াকৃত আবাসন ব্যবস্থাও পরিদর্শন করবেন।

আগামী ৫ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। 

এমআর/এফএ