জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার (২৮ মার্চ) সকালে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ একবারই এসেছে। ৭১’র আগেও আসেনি, পরেও আসেনি। স্বাধীনতার পর আমাদের অনেক রাজনৈতিক অর্জন রয়েছে।’
তিনি আরো বলেন, ‘নব্বইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বড় অর্জন; স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমাদের অনেক রাজনৈতিক অর্জন আছে। নিঃসন্দেহে রাজনৈতিক অর্জনগুলোকে আমরা সম্মান করি। তবে এই অর্জনগুলোকে স্বাধীনতার যুদ্ধের সঙ্গে যদি গুলিয়ে ফেলি তাহলে তা আমাদের জন্য অনেক বড় বিপর্যয় ডেকে আনবে।’
মন্ত্রী বলেন, ‘আমি মনে করি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা আমাদের অহঙ্কার।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘মুক্তিযোদ্ধারা সবচেয়ে অবহেলিত। তাদের কোনো মূল্যায়ন নাই। এটা জাতির জন্য কোনোভাবেই সৌভাগ্যের বিষয় নয়।’
তিনি আরো বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের প্রথম মূল্যায়ন করেছিলেন, তাদের সম্মানিত করেছিলেন তিনি। তার পথ ধরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছিলেন। এখন মুক্তিযোদ্ধাদের জন্য যা যা করণীয় আছে সেগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে করা হবে, এটাই বিশ্বাস করি।’
জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে একটি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সহ-সভাপতি এম এ শহীদ বাবলু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের সদস্য সচিব সাদেক আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।
এএম/এফএ