images

জাতীয়

রাজধানীতে বাসা থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেফতার ৫

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম

রাজধানীর লালবাগ এলাকার একটি বাসা থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন রোজিনা আক্তার (৪২), মীম আক্তার (২৩), আল-আমিন (২৩), কাশেম আহাম্মেদ (২৮) ও নাহিদ (৩৩)। গ্রেফতারের সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের বড় একটি অংশ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।

ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, সোমবার লালবাগের আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন সকালে গৃহকর্মীর কাজের জন্য রোজিনা আক্তার ছুটা বুয়া হিসেবে ভুক্তভোগীর বাসায় কাজে যোগ দেন। কিছুক্ষণ কাজ করার পর তিনি কাজ অসমাপ্ত রেখে একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে যাওয়ার কথা বলে বের হয়ে যান। পরে বাসায় আর ফিরে না আসায় এবং ভবনের বিভিন্ন বাসায় খোঁজ করেও তাঁর সন্ধান না পাওয়ায় ভুক্তভোগী ও তাঁর স্ত্রীর সন্দেহ হয়। একপর্যায়ে বাসার মূল্যবান জিনিসপত্র রাখার স্থানে খোঁজাখুঁজির সময় পাশে রাখা লাগেজের চেইন খোলা অবস্থায় দেখতে পান।

পরবর্তীতে লাগেজটি পুরোপুরি খুলে দেখা যায়, সেখানে রাখা স্বর্ণালংকারের বক্সটি চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল দুটি গলার চেইন, একটি বেঙ্গল বালা, তিনটি আংটি, দুটি চুড়ি, দুই জোড়া কানের দুল ও একটি লকেটসহ মোট নয় ভরি আট আনা ওজনের স্বর্ণালংকার। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

এ ঘটনায় ডিএমপির লালবাগ থানায় একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে রাজধানীর হাজারীবাগ, খিলক্ষেত ও টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে আট ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কাশেম আহাম্মেদের কাছ থেকে লকেটসহ একটি স্বর্ণের চেইন, একটি আংটি ও এক জোড়া কানের দুল এবং নাহিদের কাছ থেকে একটি গলার চেইন, একটি বেঙ্গল বালা, একটি আংটি, দুটি চুড়ি ও দুই জোড়া কানের দুল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, চুরি হওয়া মোট নয় ভরি আট আনা স্বর্ণালংকারের মধ্যে অধিকাংশই উদ্ধার হয়েছে। বাকি স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমআইকে/এআর