images

জাতীয়

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ ২০২৬, ১১:২০ এএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত দুই শুটারকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, পল্লবীর যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ র‍্যাব-৪ এর সদর দফতরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম কিনে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর-১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে মুখোশধারী তিন সন্ত্রাসী খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার সময় দ্রুত অটোরিকশা না চালানোয় চালককে কোমরে গুলি করে আহত করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহত কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দীনা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও জড়িত অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

এমআর/জেবি