images

জাতীয়

ইতিহাসের শিক্ষা কাজে লাগিয়েই এগোতে হবে রাষ্ট্র পরিচালনায়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ ২০২৬, ০৯:৫৩ এএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তাদের অবশ্যই ইতিহাসের শিক্ষা থেকে পথনির্দেশনা নিতে হবে। ইতিহাস থেকে বিচ্যুত হলে অতীতের মতো নেতিবাচক পরিণতির ঝুঁকি তৈরি হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

বৃহস্পতিবার (স্থানীয় সময় সন্ধ্যা ৬টা) তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জনগণকে কেন্দ্র করে রাষ্ট্র পরিচালনার যে মানসিকতা, সেখান থেকে সরে গেলে অতীতে পতিত সরকারের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই রাষ্ট্র পরিচালনায় ইতিহাসের শিক্ষা সবসময় সামনে রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের স্বৈরাচার পতনের অভিজ্ঞতা থেকে বর্তমান নেতৃত্বের অনেক কিছু শেখার রয়েছে। সেই অভিজ্ঞতাকে সামনে রেখে দায়িত্বশীলদের আরও সচেতনভাবে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে তথ্যমন্ত্রী বৃহস্পতিবার তুরস্ক পৌঁছান। সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

এমআর/এএস