জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ মার্চ ২০২৬, ০৭:০৭ এএম
দীর্ঘ দুই দশকের রাজনৈতিক পটপরিবর্তন পেরিয়ে বঙ্গভবনের সবুজ চত্বরে ফিরে এলো এক চিরচেনা সুর। দেশের ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিধ্বনিত হয়েছে সেই গান— ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গান...।’
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এই গান একাধিকবার ভেসে আসে বলে জানিয়েছেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানও অংশ নিয়েছেন।
জানা গেছে, সর্বশেষ ২০০৬ সালের স্বাধীনতা দিবসে বঙ্গভবনের এই আঙিনায় গানটি বেজেছিল। মাঝখানের দীর্ঘ ২০টি বছরে গানটি আর বাজেনি।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দাবি, এই গানটির প্রতিটি চরণে মিশে আছে এক গভীর দেশপ্রেম ও স্বকীয়তা। গানটির সুর ও বাণীর মাঝে অনেকেই খুঁজে পান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে।
উপস্থিত একাধিক অতিথি জানান, গানটি যখন বাতাসে ভাসছিল, তখন উপস্থিত সুধীজনের মাঝে এক অন্যরকম আবেগঘন পরিবেশ তৈরি হয়।
রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিদের সরব উপস্থিতি ছিল।
বিইউ/এএস