images

জাতীয়

আগারগাঁওয়ে আ.লীগের মিছিল থেকে আটক ৫

নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ ২০২৬, ০৪:১৫ পিএম

‎রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় আওয়ামী লীগের মিছিল করার সময় পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী। আটকের পর তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।

‎বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

‎আটকরা হলেন- মো. হাসান আলী, জিসান আহমেদ, মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম ও আশিক মোহাম্মদ। এদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী।

‎বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল আকস্মিক মিছিল বের করে। পরে তারা আইডিবি ভবনের সামনে পৌঁছালে শেরেবাংলা নগর থানা পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

‎ওসি জানান, মিছিলের চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে এবং পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। তাদের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

‎একেএস/ক.ম