নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ০৯:৫১ এএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
বিভিন্ন দল ও সংগঠনের নেতারা একে একে শ্রদ্ধা জানান। পরে স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। সকাল থেকেই ৮৪ একরের জাতীয় স্মৃতিসৌধ চত্বর সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয়। ফুলে ফুলে ভরে ওঠে মূল বেদি।
এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া করেন। এসময় তার সাথে দলটির অন্যান্য নেতাকর্মী ও সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
আজ মহান স্বাধীনতা ও ৫৬তম জাতীয় দিবস। ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে দেশকে পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত করার ডাক এসেছিল। এদিন আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। আজ বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার সূচনার দিন।
আরও পড়ুন: স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা ও দোয়া
স্বাধীনতার ঘোষণার পর পাকিস্তানি শোষকদের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলার দামাল ছেলেরা। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর অর্জিত হয়েছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব। জাতি অর্জন করেছিল একটি দেশ, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এমআই