images

জাতীয়

শুরু কুচকাওয়াজের কার্যক্রম, সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ ২০২৬, ০৯:৪০ এএম

দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরেছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ ও ফ্লাই পাস্টের কার্যক্রম। কুচকাওয়াজ সরাসরি দেখতে ব্যাপক সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে।

সরাসরি প্যারেড দেখতে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আটটা থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সর্বসাধারণ।

ঢাকার ডেমরা থেকে পরিবারসহ প্যারেড দেখতে এসেছেন আব্দুল হামিদ। জানতে চাইলে তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে আগ্রহ ছিল সরাসরি জাতীয় প্যারেড কুচকাওয়াজ দেখবো। অবশেষে সেই সুযোগ হয়েছে। রাষ্ট্রীয় সুন্দর একটি আয়োজন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ার জন্য সামরিক বাহিনীকে ধন্যবাদ।’

তিনি আরও বলেন, সামরিক বাহিনী দেশের বিভিন্ন ক্রন্তিলগ্নে হাল ধরেছে। এই ধারা আগামীতে অব্যাহত রাখবে বলে আশা করছি।

ঢাকা কলেজের শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, ঈদের ছুটি পর গতকাল ঢাকায় এসেছি। যেই শুনেছি প্যারেড সবাই দেখতে পারবে, তখন থেকে আমিও চিন্তা করেছি প্যারেড দেখতে যাবো। আজ সাড়ে আটটায় এসেছি।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্যারেড স্কয়ারের কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্যারেড স্কয়ারে প্রবেশ করতে হবে ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর ফটক দিয়ে।

এসএইচ/এএস