নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ০৬:০৬ এএম
রাজধাবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পল্টন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ২০ জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। রাজবাড়ী সদর হাসপাতালে তাদের সবারই পরিচয় শনাক্ত হয়েছে।
নিহতদের মধ্যে নারী ও শিশু ১৪ জন এবং পুরুষ ৬ জন।
এর মধ্যে ১৫টি মরদেহ যার যার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৪ জন। এছাড়া নদীতে পড়ে যাওয়ার সাত ঘণ্টা পর দুর্ঘটনা কবলিত বাসটিতেও টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিস ও রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
শুধু ফায়ার সার্ভিস নয়, দৌলতদিয়া ফেরিঘাটে নিখোঁজদের উদ্ধার কাজে নিয়োজিত আছে কোস্ট গার্ড, সেনাবাহিনীর সদস্যরা এবং স্থানীয় প্রশাসন। স্থানীয় লোকজনও নানাভাবে উদ্ধারকারীদের সহযোগিতা করছেন।
এদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলমান থাকবে। পাশাপাশি নিহতদের পরিবারকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

এছাড়া ভয়াবহ এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন হাবিবুর রশিদ।
এর আগে এ দুর্ঘটনায় দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। বুধবার (২৫ মার্চ) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই বার্তা দেন তিনি। একইসঙ্গে এ দুর্ঘটনায় দুঃখপ্রকাশও করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস নদীতে নিমজ্জিত হওয়ার মর্মান্তিক ঘটনায় উদ্ধার কার্যক্রম দ্রুততম সময়ে শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং অভিজ্ঞ ডুবুরি দল নিরলসভাবে কাজ করছে।’
তিনি বলেন, এছাড়াও ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ এবং স্থানীয় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা।
এর আগে বুধবার (২৬ মার্চ) বিকেলে দৌলতদিয়া ঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস প্রায় অর্ধশত যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে ওঠার পল্টন থেকে পানিতে পড়ে যায়। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
দুর্ঘটনার পরই এক নারী ও এক শিশুকে সাতরে উপরে উঠতে দেখা যায় ওই ভিডিওতে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এএইচ