images

জাতীয়

দেশে এক মাসের জ্বালানি তেলের মজুত আছে: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম

দেশে জ্বালানি তেলের সংকট নিয়ে বিভিন্ন এলাকায় পাম্প বন্ধ থাকার খবরের মধ্যেই সরকার জানিয়েছে, বর্তমানে দেশে প্রায় এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে। 

বুধবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এর আগে মঙ্গলবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত ও সরবরাহ রয়েছে। তবে হঠাৎ করে তেল কেনার প্রবণতা এবং ব্যক্তিগতভাবে অতিরিক্ত মজুত করার কারণে অনেক পাম্পে সময়ের আগেই তেল শেষ হয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের সময় সারা দেশে যানবাহন চলাচলে কোথাও তেলের অভাবে বড় ধরনের সমস্যা হয়নি। ফলে প্রকৃত অর্থে জ্বালানি তেলের ঘাটতি নেই, বরং অতিরিক্ত কেনার প্রবণতাই সাময়িক চাপ তৈরি করছে। এ পরিস্থিতিতে অকারণে তেল মজুত না করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। 

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এ সিদ্ধান্ত মন্ত্রণালয় নয়, এনার্জি কমিশনের আওতায় পড়ে। বর্তমানে তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

মানুষ লাইনে দাঁড়িয়ে তেল না পাওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগে পাম্পগুলো সকালে ট্যাংক-লরি থেকে তেল নিয়ে সারাদিন বিক্রি করেও কিছু তেল উদ্বৃত্ত থাকত। কিন্তু এখন দীর্ঘ লাইনে দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে। ডিপো থেকে নতুন করে তেল আনতে সময় লাগায় সকালে সাময়িক সংকট দেখা দিলেও পরে সরবরাহ স্বাভাবিক হয়ে যাচ্ছে।

সরকারের পক্ষ থেকে আবারও বলা হয়েছে, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার কোনো প্রয়োজন নেই।

এমআর/ক.ম