images

জাতীয়

কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ ২০২৬, ০৫:১২ পিএম

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্স (এমসি১৪) আগামী ২৬ থেকে ২৯ মার্চ ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্য মন্ত্রীরা অংশ নেবেন। এতে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা শক্তিশালীকরণ, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ডব্লিউটিওর ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। 

আজ মঙ্গলবার (২৪ মার্চ) এ সম্মেলনে অংশ নিতে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল ক্যামেরুনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এই দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রতিনিধিদলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত আছেন। আগামী ১ এপ্রিল প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে। 

সম্মেলনে বাংলাদেশ বিশেষভাবে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাণিজ্য সুবিধা, ডিউটি-ফ্রি ও কোটা-ফ্রি বাজার প্রবেশাধিকার, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো তুলে ধরবে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সম্মেলনের বিভিন্ন সেশন ও পার্শ্ব বৈঠকে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এসব বৈঠকে বাংলাদেশের রফতানি সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।

ডব্লিউটিওর মিনিস্ট্রিয়াল কনফারেন্স সংস্থাটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম, যেখানে সদস্য দেশগুলো বৈশ্বিক বাণিজ্য নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। এবারের সম্মেলনে ১৬৬টি সদস্য দেশের বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেবেন। ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুস মাগলোয়ার ম্বারগা আটাঙ্গানা কনফারেন্সে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন।

এমআর/ক.ম