images

জাতীয়

যার দুর্নীতির দায়িত্ব তাকেই নিতে হবে: পানিসম্পদ মন্ত্রী

জেলা প্রতিনিধি

২৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সতর্ক করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কারো অনিয়ম-দুর্নীতির দায়িত্ব সরকার নেবে না। যার দায়িত্ব তাকেই নিতে হবে। তিনি বলেন, দেশে এমন মেগা প্রকল্প হয়েছে যা গত ১৭ বছর না করলেও চলতো। আবার কিছু মেগা প্রজেক্ট জরুরি ছিল। সেগুলো হয়েছে, কিন্তু এক হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটি টাকায় হয়েছে। মেগা প্রকল্পে মেগা দুর্নীতি হয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এ মন্তব্য করেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

পানিসম্পদ মন্ত্রী বলেন, সারাদেশে অনেকগুলো মেগা প্রজেক্ট হয়েছে। এই মেগা প্রজেক্টের বেনেফিশিয়ারি (উপকারভোগী) গ্রামের মানুষ না, আমরা সাধারণ মানুষও না। হয়তো এটা সাময়িক ক্ষেত্রে আপনার আমার বিশেষ প্রয়োজন হয়। 
 
মন্ত্রী বলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫ কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে আটকে আছে। ভাগ্যের নির্মম পরিহাস, যা আছে সেই সম্পদটাও জব্ধ। শেষ পর্যন্ত তাও পাওয়া যাবে কি না তা কঠিন ব্যাপার। শুধু একটা ব্যাংকেই আজকে এ অবস্থা নয়। দেশে সাত-আটটি ব্যাংক আজকে অচল অবস্থায় রয়েছে শুধু লুটপাট আর টাকা পাচারের কারণে। একটা কঠিন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এই কঠিন সময় পার করাও কঠিন। এর জন্য দরকার সবার আন্তরিকতা ও সহযোগিতা। 
 
এ্যানি চৌধুরী বলেন, কোনোভাবে যেন দুর্নীতি না হয়। সেটা জেলা পরিষদ হোক, লক্ষ্মীপুর পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, রোডস অফিস আর এলজিইডিতে হোক। যার দায়িত্ব কিন্তু তাকে (দায়িত্বপ্রাপ্তরা) নিতে হবে। কোনো দায়-দায়িত্ব কিন্তু আমরা নেবো না। এ নিয়ে সম্পূর্ণভাবে আমাদের সরকার ওয়াকিবহাল। 

প্রধানমন্ত্রী দুর্নীতির ব্যাপারে সবসময় খুবই সতর্ক রয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, যদি কেউ কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হন, তাহলে শুধু ডিপার্টমেন্টই না, তিনি যদি রাজনৈতিক ব্যক্তিও হন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি দীর্ঘদিন পর আন্দোলন সংগ্রাম, অনেক ত্যাগ, শ্রম, সবশেষ জুলাই আন্দোলনে অনেকের শহীদ হওয়ার মধ্য দিয়ে হয়ে। 
 
জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ননী গোপাল ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শংকর মজুমদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল প্রমুখ।

প্রতিনিধি/ক.ম/