images

জাতীয়

ঈদের ছুটিতে রাজধানীর রেস্টুরেন্টগুলোতে ভিড়

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম

পবিত্র ঈদুল ফিতরের ছুটি নানাজন নানাভাবে উপভোগ করছেন। কেউ যাচ্ছেন পার্কে, আবার কেউবা যাচ্ছেন চিড়িয়াখানায়। তবে স্বজনদের নিয়ে কোয়ালিটি সময় কাটাতে দিনশেষে ভিড় জমাচ্ছেন রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যার পর সরেজমিনে বেইলি রোড ও ধানমন্ডি এলাকার কয়েকটি রেস্টুরেন্ট ঘুরে দেখা যায়, বেশির ভাগ রেস্টুরেন্টেই মানুষের চাপ বেশি। অনেকে ভিড় দেখে ফিরে যাচ্ছেন, আবার অনেকে রেস্টুরেন্টের স্টাফদের কাছে বুকিং দিয়ে পরিবার নিয়ে বসে সময় কাটানোর অপেক্ষায় আছেন।

বেইলি রোডের ম্যাড সেফের সহকারী ব্যবস্থাপক মো. নাসির খান ঢাকা মেইলকে বলেন, ঈদের লম্বা ছুটির কারণে অনেকে ঢাকা ছেড়েছেন। যার কারণে আশা অনুযায়ী চাপ কিছুটা কম। তবে সাপ্তাহিক ছুটির দিনের তুলনায় ভিড় বেশি।

নাসির খান বলেন, আমাদের রেস্টুরেন্টে কোনো ফাঁকা সিট নেই। এর একটি কারণ হলো আশেপাশের অনেক রেস্টুরেন্ট বন্ধ। এজন্য ক্রেতারা যেগুলো খোলা পাচ্ছেন, সেখানেই ভিড় করছেন।

ম্যাড সেফ রেস্টুরেন্টে আসা হামিদ ও জেরিন—সম্পর্কে ভাই-বোন। তাদের সঙ্গে কথা হলে জেরিন বলেন, আমরা আজ একটু ঘুরতে বের হয়েছি। বিকেল থেকে ঘোরাঘুরির পর এখন ভাইয়ার সঙ্গে বসে গল্প করে তারপর বাসায় ফিরে যাব।

Restourent2

একই রেস্টুরেন্টে আসা দম্পতি হামিম হোসেন ও রাখির সঙ্গে কথা বলে জানা যায়, তারা শুধু খাবার খেতেই আসেননি, বরং নিজেদের জন্য কিছুটা সময় বের করতেই এসেছেন। হামিম বলেন, আমাদের বিয়ে হয়েছে তিন বছর। আমাদের দেড় বছর বয়সী একটি সন্তান আছে। তাকে সামলাতে গিয়ে নিজেদের জন্য সময় পাওয়া যায় না। আমার মা গ্রাম থেকে এসেছেন। তার কাছে বাচ্চাকে রেখে আমরা একটু নিজেদের মতো সময় কাটাতে এসেছি। এর সঙ্গে রাখির পছন্দের খাবারও খাবো।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত পিৎজ্জু রুফটপেও মানুষের চাপ লক্ষ্য করা গেছে। এ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম বাবু বলেন, রোজার ঈদের ছুটি মানুষ সাধারণ ছুটির মতোই উপভোগ করে। এজন্য রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মতো পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে সুন্দর সময় কাটাতে রেস্টুরেন্টগুলোতেও ভিড় করেন অনেকে।

গত ঈদুল ফিতর কিংবা সাপ্তাহিক ছুটির তুলনায় বেচাকেনা কেমন—এমন প্রশ্নে তিনি বলেন, সুনির্দিষ্টভাবে তুলনা করা কঠিন। তবে এবার বেচাকেনা ভালোই হচ্ছে এবং ক্রেতাদের চাপও বেশি।

Restourent3

পিৎজ্জু রুফটপ রেস্টুরেন্টে রাফি এসেছেন বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। তিনি জানান, তিনি প্রায় প্রতিদিনই এখানে আসেন। তাই ঈদের ছুটিতেও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এখানে এসেছেন। তিনি বলেন, এখানের খোলামেলা পরিবেশ আমার খুব ভালো লাগে। এছাড়া এখানকার খাবারের মানও ভালো। খোলা আকাশের নিচে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেশ ভালো লাগে।

এদিকে, অনেকেই বসার জায়গা না পেয়ে ফিরে যাচ্ছেন। তাদের মধ্যে এক যুগল নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছুটির দিনে একটু শান্তভাবে সময় কাটাতে চেয়েছিলাম, কিন্তু তা আর হলো না। যেখানে যাচ্ছি, সেখানেই হাউসফুল। ঈদের ছুটির কারণেই এমনটা হচ্ছে বলে আমরা মনে করছি।

এমএইচএইচ/জেবি