images

জাতীয়

শিশু ফুজাইল অপহরণ আরও একজন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ মার্চ ২০২৬, ০২:৫৩ পিএম

ঈদের দিন ঢাকা মেডিকেল থেকে নিখোঁজ শিশু কাজী ফুজাইল (০২) অপহরণ মামলার অন্যতম প্রধান আসামি শাহনেওয়াজ চৌধুরী বাপ্পারাজ (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে তাকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। 

সোমবার (২৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

তাপস জানান, বাপ্পারাজ এ মামলার প্রধান আসামি। তিনি পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। 

র‌্যাব জানায়, ঈদের দিন মা ও খালার সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিল শিশু ফুজাইল। তারা রোগীর সঙ্গে দেখা করেন। কিন্তু এরই মাঝে শিশু ফুজাইল নিখোঁজ হয়। শুরু হয় খোঁজাখুঁজি। এ ঘটনা বিকেল প্রায় তিনটার দিকে। তার এক ঘণ্টা পর চারটার দিকে এক অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে শিশুটির বাবার ফোনে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, ফুজাইলকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ দিতে হবে সাড়ে তিন লাখ টাকা। এ খবর শুনে শুরু হয় ফুজাইলের মায়ের আহাজারি ও আর্তনাদ। সেই দৃশ্য দেখে র‍্যাব সদস্যরা দ্রুত সেই শিশুকে উদ্ধারে নেমে পড়ে। অবশেষে র‌্যাবের সহায়তায় শিশু ফুজাইল উদ্ধার হয়। এ ঘটনায় তানভীর নামে এক অপহরণকারীকে গ্রেফতার করে র‍্যাব। অপহরণকারী তানভীরের বাড়ি পটুয়াখালীর দশমিনা এলাকায়।

র‍্যাব জানায়, তানভীর শিশুটিকে পরিকল্পিতভাবেই সরিয়ে নিয়েছিল। শিশুটি মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করলে তাকে খেলনা ও চকলেট দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়।

র‍্যাব আরও জানান, উদ্ধার করা শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এমআইকে/এএস