images

জাতীয়

ঈদে লালবাগ কেল্লায় ইতিহাসের সঙ্গে সময় কাটানোর আনন্দ

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২৬, ০৯:৪৫ পিএম

ঈদের ছুটিতে রাজধানীর ব্যস্ততা যেন একটু অন্যরকম রূপ নেয় পুরান ঢাকায়। সেই আবহের কেন্দ্রবিন্দুতে রয়েছে লালবাগ কেল্লা, যেখানে বিনোদনের চেয়ে বেশি টানে ইতিহাস, স্থাপত্য আর পুরনো ঢাকার আবেগ।

ঈদের দ্বিতীয় দিন কেল্লা ঘিরে জমতে থাকে মানুষের ভিড়। কেউ ছবি তোলেন, কেউ সবুজ প্রাঙ্গণে বসে আড্ডা দেন, আবার কেউ মনোযোগ দিয়ে দেখেন শত বছরের পুরনো স্থাপনাগুলো। ঈদের আমেজের সঙ্গে এখানে যেন মিশে যায় এক ধরনের নস্টালজিয়া। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে এসে অনেকেই ইতিহাসের আবহে কাটান।

20

দর্শনার্থীরা জানান, ঈদের ছুটিতে ঢাকার ভেতরে ঐতিহাসিক কোনো জায়গায় ঘুরতে আসার অনুভূতি আলাদা। লালবাগ কেল্লা শুধু বিনোদনের জায়গা নয়, এটি দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ, যা কাছ থেকে দেখার আগ্রহ থেকেই তারা এখানে আসেন।

পুরান ঢাকা থেকে বন্ধুদের নিয়ে আসা নাঈম হাসান জানান, ‘ঈদের সময় একটু ঘোরাঘুরি তো করতেই হয়। এখানে (লালবাগ) এসে পুরান ঢাকার ঐতিহ্য আর ইতিহাসের একটা অনুভূতি পাওয়া যায়।’

40

মিরপুর থেকে পরিবার নিয়ে আসা গৃহিণী সুমি আক্তার বলেন, ‘বাচ্চাদের নিয়ে এমন জায়গায় আসতে ভালো লাগে, যেখানে তারা কিছু শিখতেও পারে। কেল্লার ভেতরের স্থাপনাগুলো তাদের খুব আকর্ষণ করেছে।’

একজন চাকরিজীবী দর্শনার্থী ইমরান হোসেন জানান, ঈদের ছুটিতে ঢাকার বাইরে যাওয়া হয়নি তাদের। তাই পরিবার নিয়ে লালবাগে এসেছিলেন। তাদের সময়টা ভালোই কেটেছে বলে জানান।

50

লালবাগ কেল্লার ভেতরে রয়েছে সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহের নির্মাণাধীন এই দুর্গের বিভিন্ন স্থাপনা, যার মধ্যে রয়েছে দরবার হল, মসজিদ ও পরীবিবির সমাধি। মুঘল স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসেবে এটি দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে।

ঈদের ছুটিতে রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রের মতো লালবাগ কেল্লাতেও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ইতিহাস, ঐতিহ্য আর বিনোদনের মিশেলে এখানে কাটানো সময় অনেকের জন্য হয়ে ওঠে স্মরণীয়।

এম/এএইচ