নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৬, ০৬:৪৪ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ছুটির দিনেও নগরবাসীকে জরুরি নাগরিক সেবা দিতে গিয়ে আহত হওয়া বৈদ্যুতিক লাইনম্যানের চিকিৎসার যাবতীয় দায়িত্ব সিটি করপোরেশন বহন করবে।
আজ রবিবার (২২ মার্চ) বিকেলে ধানমন্ডিস্থ পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডিএসসিসির বৈদ্যুতিক লাইন ম্যান সালাউদ্দিন আহমেদকে দেখতে গিয়ে প্রশাসক এ কথা বলেন।
ঈদের আগের দিন শুক্রবার (২০ মার্চ) ডিএসসিসির ৩৬ নম্বর ওয়ার্ডে পেশাগত দায়িত্ব পালনকালে সালাউদ্দিন বৈদ্যুতিক পোল থেকে সরাসরি নিচে পড়ে গেলে মাথা এবং হাতে মারাত্মক আঘাত পান।
পরিদর্শনকালে আব্দুস সালাম আহত সালাউদ্দিনের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।
হাসপাতাল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশাসক বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সরাসরি নির্দেশ দিয়েছেন এই কর্মীর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তা করতে। সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বর্তমানে তাঁর অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
কর্মীদের পেশাগত নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে আব্দুস সালাম বলেন, বিপজ্জনক কাজে হেলমেট, হ্যান্ড গ্লাভসসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের বিষয়ে কোনো শিথিলতা সহ্য করা হবে না। নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে কোনো ত্রুটি বা তাকে তা সরবরাহ করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
বর্ষা মৌসুম ও ঝড়-বৃষ্টির আগে নগরের বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএসসিসি ইতোমধ্যে কাজ শুরু করেছে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, ঝড়-তুফানে গাছের ডাল ভেঙে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমরা জরিপ চালাচ্ছি। ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় আহত কর্মীর সহকর্মীরা প্রশাসকের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের পেশাগত সমস্যার সমাধানে প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন। প্রশাসক তাদের আশ্বস্ত করে বলেন, আমরা একটি আলোকিত ও পরিষ্কার ঢাকা গড়তে চাই। পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ বিভাগের কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে করপোরেশন সবসময় পাশে থাকবে।
পরিদর্শনকালে, প্রশাসক আহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমআর/ক.ম