images

জাতীয়

‘কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে লাখ টাকা ক্ষতিপূরণ’

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত বাসযাত্রীদের প্রতি পরিবারকে এক লাখ করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। 

রোববার (২২ মার্চ) দুপুরে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, ‘যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে রেল মন্ত্রণালয় থেকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

পাশাপাশি এ ঘটনায় কুমিল্লা জেলা প্রশাসনও নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বলে তিনি জানান। আহতরা পাবেন ১৫ হাজার টাকা করে। এছাড়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলেও আশ্বাস দেন তিনি।

10
কুমিল্লায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি- সংগৃহীত

এদিন সকালে আহতদের দেখতে ঢাকা থেকে কুমিল্লায় ছুটে যান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এসময় তিনি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় একটি পরিবহন বাসের ১২ জন যাত্রী নিহত হন। আহত হন অন্তত পাঁচ যাত্রী। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন শিশু ও তিনজন নারী। 

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভয়াবহ এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এমআইকে/এএইচ