images

জাতীয়

দর্শনার্থীদের ভিড়ে মুখর জাতীয় জাদুঘর, শিশুদের উপস্থিতি বেশি

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২৬, ১২:৩৪ পিএম

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে জাতীয় জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। জাদুঘরে আসা দর্শনার্থীদের বেশিরভাগই শিশু-কিশোর। সংগ্রহশালাটিতে তাদের আগ্রহই বেশি।

ঈদের পরদিন আজ রোববার (২২ মার্চ) সকাল সাড়ে দশটায় খুলে দেওয়া হয় জাতীয় জাদুঘর। একে একে প্রবেশ করতে থাকেন দর্শনার্থীরা। আজ জাদুঘর খোলা থাকবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সারি সারি লাইন দিয়ে জাতীয় জাদুঘরে প্রবেশ করছেন দর্শনার্থীরা। দর্শনার্থীদের বেশির ভাগই শিশু-কিশোর। তারা পরিবারের বাবা-মা এবং ভাই-বোনের সঙ্গে এসেছে। প্রথমে গেটের বাইরে থেকে টিকিট সংগ্রহ করছেন। তারপর ভেতরে গিয়ে ব্যাগ কাউন্টারে জমা দিয়ে মূল মিউজিয়ামে প্রবেশ করছেন। উৎসুক শিশু-কিশোররা মিউজিয়ামে এসে মনে হচ্ছে বাসার চাল দেয়ালের বন্দিজীবন থেকে মুক্তি পেয়েছে।

মা সুফিয়া বেগম ও বাবা আব্দুল মোমেনের হাত ধরে জাতীয় জাদুঘরে এসেছে চার বছরের তাসফিয়া রহমান। আগে থেকে টিকিট না থাকায় বাবা-মায়ের সঙ্গে দাঁড়িয়ে কাউন্টারের লাইনে দাঁড়িয়েছে। প্রায় ১০ মিনিটের টিকিট কাউন্টার ও গেটে দাঁড়িয়ে থাকার পর জাদুঘরে প্রবেশ করে লুনা রহমান। প্রবেশ করতেই তার চোখে-মুখে আনন্দ।

7c30a6ff-9b19-4a54-b8fc-e98abc5fde5bলুনার মা সুফিয়া বেগম ঢাকা মেইলকে বলেন, ‘আমাদের বাসা ঢাকার মোহাম্মদপুরে। সকাল সকাল বাসা থেকে বের হয়েছি মেয়ে নিয়ে। আজকে তাকে ঘুরে ঘুরে জাতীয় জাদুঘর দেখাবো। জাদুঘরে দেশের বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য সংগ্রহ করা আছে। এসব দেখে কিছু বুঝতে ও শিখতে পারবে।’

ধানমন্ডি থেকে পরিবার নিয়ে জাদুঘরে এসেছেন বেসরকারি চাকরিজীবী হাসান মাহমুদ। জানতে চাইলে তিনি ঢাকা মেইলকে বলেন, ‘ঢাকায় থাকি কিন্তু জাদুঘরে কখনও আসা হয়নি। বাবুটার অনেক আগ্রহ জাদুঘর দেখবে এবং সকালে বলে আব্বু চলো, জাদুঘর দেখে আসি। এবার ঈদে যেহেতু গ্রামে যাওয়া হয়নি, তাই ঈদের ছুটি থাকায় সপরিবারে চলে এসেছি। বাচ্চাটা ক্লাস থ্রিতে পড়ে, দেখে কিছু শিখতেও পারবে।’

ভাইয়ের সঙ্গে এসেছেন আট বছরের শিশু খাদিজা আক্তার, উচ্ছ্বাস নিয়ে বলে, ‘ভাইয়ার সঙ্গে জাদুঘরে এসেছি। অনেক দিন ধরে জাতীয় জাদুঘর আসা হয় না। ঈদের ছুটিতে আজ শুধু ঘুরবো, খাবো। ঈদের দিনও ভাইয়াকে নিয়ে ঘুরেছি।’

জাতীয় জাদুঘরের নিরাপত্তাকর্মী রবিউল আলম বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলছে। অফিস আদালত বন্ধ থাকায় অনেকেই দূর থেকে পরিবার নিয়ে এসেছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করছি।’

1c8aff45-3746-4d8b-8aa5-3da9ab213c27উল্লেখ্য, জাতীয় জাদুঘর সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। এছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচ পর্যন্ত খোলা থাকে। সরকারি ছুটির দিনও বন্ধ থাকে না। শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকে। প্রাপ্ত বয়স্ক দর্শনার্থীদের প্রবেশ ফি ৪০ টাকা। আর ৩-১২ বছরের শিশুদের প্রবেশ ফি ২০ টাকা।

এসএইচ/এমআই