images

জাতীয়

ফাঁকা ঢাকায় স্বস্তি, ভোগাচ্ছে গণপরিবহন সংকট

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২৬, ১২:১২ পিএম

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা যেন পুরোপুরি ছুটির আমেজে ডুবে আছে। ব্যস্ততার শহরটি এখনও অনেকটাই ফাঁকা। নেই প্রতিদিনের সেই চেনা যানজট, নেই কর্মব্যস্ত মানুষের ছুটে চলা। সাধারণ সময়ে যেখানে সড়কে নামলেই ভোগান্তির শঙ্কা থাকে, সেখানে এখন অনেকটাই স্বস্তিতে চলাচল করছেন নগরবাসী। মনে হচ্ছে যেন পুরো শহরই কয়েক দিনের জন্য থেমে গেছে।

রোবাবার (২২ মার্চ) রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে দেখা গেছে, স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের চাপ অনেক কম। ব্যক্তিগত গাড়ি, বাস, রিকশা-সবকিছুর উপস্থিতিই সীমিত। ফলে যেখানে সাধারণ দিনে ১০ মিনিটের পথ পাড়ি দিতে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়, সেখানে এখন অনায়াসেই দ্রুত গন্তব্যে পৌঁছানো যাচ্ছে। এই পরিবর্তনে স্বস্তি প্রকাশ করছেন ঢাকায় অবস্থান করা মানুষজন। 

1c65a925-61f9-40fc-a015-6611d39075f1ঈদের দীর্ঘ ছুটিতে নাড়ির টানে রাজধানীর বড় একটি অংশের মানুষ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধু সাধারণ মানুষই নয়, অনেক দোকানপাটের কর্মচারী, ফুটপাতের ভাসমান দোকানি, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে অবস্থান করছেন। ফলে রাজধানীর ব্যস্ত এলাকাগুলো এখনও অনেকটাই নিস্তব্ধ।

তবে সড়কে যানজট না থাকলেও নগরবাসীর জন্য নতুন এক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে গণপরিবহনের সংকট। রাজধানীর বিভিন্ন রুটে বাসের সংখ্যা কম থাকায় যাত্রীদের অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে রিকশা বা ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভর করছেন। এতে একদিকে যেমন খরচ বাড়ছে, অন্যদিকে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে বের হওয়ার পরিকল্পনাও অনেক ক্ষেত্রে সীমিত হয়ে যাচ্ছে। 

0f7f7fa2-b520-4c78-a1b5-f315230b0986

ঈদের ছুটিতে সাধারণত পরিবার-পরিজন ও সন্তানদের নিয়ে বিনোদনকেন্দ্র বা আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে অনেকের। কিন্তু বাসা থেকে বের হওয়ার পরই গণপরিবহনের সংকটের মুখে পড়ে সেই আনন্দের পরিকল্পনা অনেক সময় বাধাগ্রস্ত হচ্ছে। ফলে এক ধরনের অস্বস্তিও কাজ করছে নগরবাসীর মধ্যে।

রাজধানীর পল্টন এলাকায় চা বিক্রেতা আলম হোসেন বলেন, মানুষজন কম, অফিস-আদালত ও দোকানপাট বন্ধ থাকায় বেচাকেনা আগের মতো নেই। তবে একটা স্বস্তি আছে। কোলাহল কম, গাড়ির হর্ন কম, যানজট নেই। শহরটা এখন অনেক শান্ত লাগে। ভালোই লাগে, কিন্তু পেটের টানে তো কাজ করতেই হয়।

রাজধানীতে অবস্থান করা অনেকেই বলছেন, বছরের এই কয়েকটা দিন ঢাকাকে একেবারেই অন্যরকম লাগে। প্রতিদিনের তীব্র যানজট, শব্দদূষণ আর ভিড়ের চাপে ক্লান্ত নগরবাসীর কাছে এই সময়টা যেন স্বস্তির এক বিরল সুযোগ। অনেকে আক্ষেপ করে বলছেন, সারা বছর যদি এমন নিরিবিলি পরিবেশ থাকত, তাহলে রাজধানীতে চলাচল অনেক সহজ হয়ে যেত।

25ce54ca-4682-4f25-bfd6-4e699ffd1b68তবে এই স্বস্তির পরিবেশ বেশিদিন থাকবে না বলেও মনে করছেন নগরবাসী। ঈদের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করবেন কর্মজীবী মানুষ। আবারও ব্যস্ত হয়ে উঠবে সড়ক, বাড়বে যানজট, ফিরে আসবে চেনা কোলাহল। আপাতত ঈদের ছুটির এই কয়েকটি দিন রাজধানীর ভিন্ন রূপ উপভোগ করছেন ঢাকায় থেকে যাওয়া মানুষজন। 

এমআর/এমআই