images

জাতীয়

সংসদ ভবন ও জিয়া উদ্যানে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ ২০২৬, ০৬:৩২ পিএম

ঈদের দিনে রাজধানীর কোলাহলপূর্ণ জীবন থেকে একটু প্রশান্তি খুঁজে পেতে পরিবার-পরিজন নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন ও জিয়া উদ্যানে ভিড় করছেন লাখো মানুষ। এলাকাগুলো যেন জনসমুদ্রে পরিণত হয়েছে।

শনিবার (২১ মার্চ) ঈদের দিন সরেজমিনে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন ও জিয়া উদ্যানে গিয়ে দেখা যায়, সর্বত্র মানুষের উপচে পড়া ভিড়। রাস্তায় ও ফুটপাতে পা ফেলার মতো জায়গা নেই। 

100

সংসদ ভবনের সামনে বিজয় সরণি মোড়ে মানুষের অতিরিক্ত উপস্থিতির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা ঢাকার চিরচেনা রূপেরই প্রতিচ্ছবি। এসব এলাকার খোলা জায়গায় কেউ বসে গল্প করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ ফুচকা খাচ্ছেন। সবুজে ঘেরা জিয়া উদ্যানে অনেকে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাচ্ছেন।

রামপুরা থেকে সংসদ ভবন এলাকায় ঘুরতে আসা দুই বন্ধু আজফার ও সাইফ বলেন, নামাজ শেষে বাসায় হালকা খাবার খেয়ে বের হয়েছেন তারা। হাতিরঝিল ও শাহবাগ ঘুরে এখন সংসদ ভবনের সামনে এসে কিছুক্ষণ বসে ছবি তুলে পরে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

222

ধানমন্ডির বাসিন্দা দম্পতি মেহেদী ও সুমাইয়া জানান, ঢাকায় ঘোরাঘুরির জায়গা তুলনামূলক কম। যে কয়েকটি আছে, সেগুলোতে বিশেষ দিনে প্রচুর ভিড় হয়। আজও তার ব্যতিক্রম নয়। তারা কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে ফিরে যাবেন।

সংসদ এলাকাকে ঘোরার জন্য পছন্দের কারণ জানতে চাইলে মেহেদী বলেন, বাসা কাছেই হওয়ায় আসতে সময় কম লাগে। এছাড়া এখানে মেলার মতো পরিবেশ তৈরি হয়, যা বেশ ভালো লাগে।

400

অন্যদিকে, জিয়া উদ্যানে পরিবার নিয়ে আসা আব্দুল মালেক বলেন, ঢাকার অধিকাংশ জায়গায় শুধু ভবন আর ভবন। তাই একটু সবুজ পরিবেশে সময় কাটাতে পরিবার নিয়ে এখানে এসেছেন। তবে আকাশের অবস্থা ভালো না থাকায় কতক্ষণ থাকতে পারবেন, তা নিশ্চিত নন।

ঈদ আনন্দ আরও উপভোগ করতে রাজধানীর এসব বিনোদনকেন্দ্র এখন সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। সবাই নিজ নিজভাবে সময় কাটাচ্ছেন, যা ঈদের উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

এমএইচএইচ/এএইচ