জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ মার্চ ২০২৬, ০৬:১৩ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষাপটে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আজারবাইজানের বাকু হয়ে একটি বিশেষ ফ্লাইটে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে তারা ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নির্দেশনায় ও তেহরানস্থ বাংলাদেশ মিশনের প্রচেষ্টায় সফলভাবে এসব নাগরিকদের দেশে আনা হয়েছে।
শনিবার তেহরানের বাংলাদেশ দূতবাস থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরু হওয়ার পর থেকেই নাগরিকদের নিরাপত্তায় তৎপর হয় দূতাবাস। চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।

প্রাথমিক পদক্ষেপ হিসেবে তেহরান থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে একটি নিরাপদ এলাকায় বাংলাদেশি নাগরিকদের (বিশেষ করে শিক্ষার্থীদের) জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়। পরে নিরাপদ রুটের জন্য ইরান সরকারের পাশাপাশি প্রতিবেশী দেশ পাকিস্তান, আজারবাইজান ও আর্মেনিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। সব দেশই ইতিবাচক সাড়া দিলে যাতায়াত ও নিরাপত্তার খাতিরে আজারবাইজানের আসতারা সীমান্তকে প্রধান রুট হিসেবে বেছে নেওয়া হয়।

দূতাবাস থেকে জানানো হয়, এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আইনি জটিলতা। কারণ ফিরে আসা ১৮৬ জনের মধ্যে ১৪২ জনই অবৈধভাবে ইরানে প্রবেশ করেছিলেন। তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে দূতাবাস কর্মকর্তাদের টানা ২৪ ঘণ্টা পরিশ্রম করতে হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাদের আজারবাইজানে প্রবেশের অনুমতি মেলে।

বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দূতাবাস বাংলাদেশিদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয়। সেখান থেকে তাদের আজারবাইজানের রাজধানী বাকুতে স্থানান্তর করা হয়। বাকুর বিমানবন্দর থেকেই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে তাদের ঢাকায় পাঠানো হয়।

পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য ইরান ও আজারবাইজান সরকার এবং আইওএম-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দূতাবাস। মিশন জানিয়েছে, বিদেশে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। সংঘাত আরও বাড়লে সেখানে আটকে পড়া অবশিষ্ট বাংলাদেশিদেরও ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
বিইউ/ক.ম