images

জাতীয়

বৃষ্টি উপেক্ষা করে বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ ২০২৬, ০৯:৫৬ এএম

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে থাকা বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের খতিব কারী গোলাম মোস্তফা সিরাজী নামাজে ইমামতি করেন। 

শনিবার (২১ মার্চ) সকাল আটটা ২৫ মিনিটে ঈদের নামাজ শুরু হয়। 

নামাজের পর মুসল্লিদের উদ্দেশ্যে ঈদের খুতবা রাখেন ইমাম। এরপর জাতীয় সংসদের মাওলানা সিরাজি দেশ জাতি এবং বিশ্ব সম্প্রীতির জন্য দোয়া করেন। ইরানে অবৈধ হামলার প্রতিবাদে দেশটিকে রক্ষার জন্য মহান রবের কাছে দোয়া করা হয়। পাশাপাশি দেশের সার্বিক উন্নতি এবং প্রত্যেক মানুষের ঈমান, আখলাক ও পরকালের মুক্তির জন্য দোয়া চাওয়া হয় আল্লাহর কাছে। 

653483004_1647578276436212_6552859191646768836_n

পরে সেখানে বক্তব্য রাখেন উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক। 

এ সময় তিনি বলেন, ‘অনেক বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেও মোটামুটিভাবে আমরা যতটুকু পেরেছি, আয়োজন করেছি। তারপরেও যদি কোনো ঘাটতি থেকে থাকে আশা করি ইনশাআল্লাহ। আগামী বছরগুলোতে আমরা সেই ঘাটতি পূরণ করে আপনাদেরকে আরও স্বাচ্ছন্দ্যে সহজভাবে আমরা নামাজ আদায় করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আজকের এই ঈদগাহ ময়দানে সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দ আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আলেম ওলামারা আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের স্থায়ী কমিটির সদস্যসহ অনেকে নেতৃবৃন্দ আছেন। আমাদের সিটি কর্পোরেশনের সচিব এবং বিশেষ করে এই জোনের আন্ডারে যারা দায়িত্ব নিয়ে কষ্ট করে কাজ করেছেন আমাদের নির্বাহী বিভিন্ন জোন থেকে আগত সকলকে তিনি ধন্যবাদ জানান। এ সময় নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উপস্থিত মুসল্লির উদ্দেশ্যে আহ্বান জানান। পাশাপাশি তিনি সবার সহযোগিতা কামনা করেন।’ 

এর আগে বৃষ্টিকে উপেক্ষা করে শত শত মুসল্লি সেখানে হাজির হন। তবে উপরের শামিয়ানা দিয়ে নামাজের ব্যবস্থা করার কারণে সকলে নিরাপদে নামাজ আদায় করেন। এক পাশে পুরুষ অন্যদিকে নারীদের নামাজের আয়োজন করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন। 

এমআইকে/এমআই