images

জাতীয়

বায়তুল মোকাররমে প্রতিটি জামায়াতে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ ২০২৬, ০৯:৪৯ এএম

পবিত্র ঈদুল ফিতরের প্রতিটি জামাতে মুসল্লিদের ঢল নেমেছে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। শনিবার (২১ মার্চ) ভোর থেকে জাতীয় মসজিদের জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন মুসল্লিরা। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বায়তুল মোকাররমে সকাল ৭টায় শুরু হয় প্রথম জামাত। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। সকাল ৭টা ২৬ মিনিটে মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম জামাত।

প্রথম জামাত শেষ হওয়ার আগেই বিপুল সংখ্যক মুসল্লি দ্বিতীয় জামাতের জন্য অপেক্ষা করছিলেন। সকাল আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। এরপর সকাল নয়টায় তৃতীয় জামায়ত অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় চতুর্থ ও ১০টা ৪৫ মিনিটে পঞ্চম জামায়াত অনুষ্ঠিত হবে।

এদিকে প্রথম জামাত শেষে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়া ছাড়াও দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করে মোনাজাত করেন মিজানুর রহমান।

মোনাজাতে রমজান মাসের রোজা ও অন্যান্য এবাদত যাতে আল্লাহ কবুলের জন্য আল্লাহর কাছে আর্তি জানানো হয়। মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা করা হয়। মুসল্লির অনেকেই চোখের জলে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে দেখা গেছে।

তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন। 

এসময় বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এসএইচ/এএস