images

জাতীয়

জাতীয় ঈদগাহে প্রবেশে দীর্ঘ সারি, কঠোর তল্লাশিতে ধাপে ধাপে প্রবেশ

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ ২০২৬, ০৮:১৪ এএম

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান-এ প্রবেশের জন্য সকাল থেকেই মুসল্লিদের দীর্ঘ সারি দেখা গেছে। ফজরের পর থেকেই দলে দলে মুসল্লি ঈদগাহের দিকে আসতে শুরু করেন। প্রধান জামাত ঘিরে বিপুল উপস্থিতির কারণে প্রতিটি প্রবেশপথেই তৈরি হয় অপেক্ষমাণ মানুষের লাইন।
নিরাপত্তাজনিত কারণে ঈদগাহে প্রবেশের আগে প্রতিটি মুসল্লিকে তল্লাশি করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

প্রবেশপথগুলোতে ধাতব শনাক্তকারী যন্ত্র বসানো হয়েছে এবং পর্যায়ক্রমে মুসল্লিদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এতে কিছুটা সময় লাগলেও নিরাপত্তার স্বার্থে মুসল্লিরা ধৈর্য ধরে সহযোগিতা করছেন।

ঈদগাহ এলাকা ও আশপাশজুড়ে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিটি গেট ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক কোনো কিছু যেন ভেতরে প্রবেশ করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি থাকায় নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের পরিবেশ নিশ্চিত করতেই এই বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঈদগাহের বিভিন্ন প্রবেশপথে নারী মুসল্লিদের জন্য আলাদা লাইন রাখা হয়েছে। তাদের জন্য পৃথক প্রবেশপথ ও নামাজের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ মুসল্লিদের জন্যও সহায়তামূলক ব্যবস্থা রাখা হয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে ঈদগাহ এলাকায় অস্থায়ী ওজুখানা, সুপেয় পানির ব্যবস্থা এবং মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। নিরাপত্তার পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনা তদারকিতে দায়িত্বশীল কর্মকর্তারা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সম্পন্ন হবে এবং মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন।

এমআর/এএস