নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ ২০২৬, ০৯:০৭ এএম
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টা ৩৪ মিনিটে এই জামাত শুরু হয়।
ঈদের প্রধান জামাতকে ঘিরে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জাতীয় ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। নির্ধারিত সময়ের অনেক আগেই ঈদগাহ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুসল্লিরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে নিরাপত্তা তল্লাশি শেষে জামাতে অংশ নেন।
প্রধান জামাত উপলক্ষে ঈদগাহ এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক স্তরের তল্লাশির মাধ্যমে মুসল্লিদের প্রবেশ নিশ্চিত করেন। নিরাপত্তার স্বার্থে দোয়েল চত্বর, মৎস্য ভবন ও জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন কয়েকটি সড়কে যান চলাচল সীমিত রাখা হয়।
দীর্ঘ লাইনে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করতে দেখা যায়। মেঘলা আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সত্ত্বেও মুসল্লিদের উপস্থিতি ছিল ব্যাপক।
দীর্ঘদিন পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে প্রধান ঈদ জামাতে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এমআর/এএস