images

জাতীয়

বগুড়া-৬ ও শেরপুর-৩: নির্বাচনি কাজে গাফিলতি হলে শাস্তির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ ২০২৬, ০৫:০৪ পিএম

আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটকে সামনে রেখে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনি দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা শৈথিল্য সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র থেকে এসব তথ্য জানা গেছে।
 
পরিপত্রে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয় আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনি এলাকার নির্বাচন পরিচালনা ও সম্পাদনের দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে উক্ত দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন না করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। 
 
আইনের ধারা উল্লেখ করে পরিপত্রে বলা হয়, নির্বাচন কর্মকর্তাদের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের জন্য নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১-এর বিধানাবলির প্রতি সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। উক্ত আইনের ৪ ধারায় নির্বাচন কর্মকর্তার চাকরি এবং ৫ ধারায় শৃঙ্খলামূলক বিধানাবলি উল্লেখ রয়েছে।
 
নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক বা অন্য যেকোনো ব্যক্তি নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১-এর ২(ঘ) ধারায় বর্ণিত সংজ্ঞা অনুযায়ী নির্বাচন কর্মকর্তা হিসেবে গণ্য হবেন এবং তিনি উক্ত দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের নিকট দায়বদ্ধ থাকবেন। এ ধরনের দায়িত্ব পালনের জন্য কোনো আনুষ্ঠানিক নিয়োগপত্র নাও থাকতে পারে।

নির্বাচন কমিশন কোনো সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত বা আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এমনকি বেসরকারি অফিস/প্রতিষ্ঠানের কাছে লিখিতভাবে কোনো তথ্য সরবরাহ বা কাজ সম্পাদনের নির্দেশ প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচন সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত বলে গণ্য হবেন।
 
নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে অনীহা, অসহযোগিতা, শৈথিল্য বা ভুল তথ্য প্রদান করলে অসদাচরণের অভিযোগে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।
 
এমএইচএইচ/ক.ম