জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম
ঈদুল ফিতরের আগের দিন গাবতলী বাস টার্মিনাল ফাঁকা হয়ে পড়েছে। হাঁকডাক করেও যাত্রী পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা। পর্যাপ্ত বাস যাত্রীর জন্য অপেক্ষা করছে টার্মিনালে।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার ঘুরে এই চিত্র দেখা গেছে।
কাউন্টারম্যানরা বলছে, প্রতি ঈদের আগের দিন এমন চিত্র থাকে। ফলে তারা উদ্বিগ্ন নন।
দর্শনা রুটের গাড়ি ডিডি ট্রাভেলসের কাউন্টারম্যান রবিউল বলেন, সকালে দুটি গাড়ি ছেড়েছি। আল্লাহ চাইলে রাতে আরেকটা ছাড়ব। তবে অন্য সময়ে সকালেই ছাড়া হয় ৮ থেকে ১০টি। আজ তো যাত্রীর চাপ নাই। ফলে যা পাচ্ছি তা দিয়ে একটা গাড়ি ভরবে।

যশোর, মাগুরা, বরিশাল ও কোটালিপাড়া রুটে চলাচলকারী পরিবহন গোল্ডেন লাইনের কাউন্টারম্যান জহিরুল বলেন, গতকাল থেকে রাত পর্যন্ত যাত্রী যা ছিল ভালোই। কিন্তু আজ সকাল থেকে বসে আছি। যাত্রী নাই।
কাউন্টারগুলোতে থাকা ব্যক্তিরা জানালেন, ঢাকার ৯০ শতাংশ যাত্রী গতকাল রাতেই চলে গেছে। গতকাল চাঁদ দেখা না যাওয়ায় বোনাস ছুটি পেয়েছেন যাত্রীরা।
টার্মিনাল ঘুরে দেখা গেল, প্রতিটি কাউন্টার ফাঁকা। বসে বেকার সময় কাটাচ্ছেন কেউ কেউ। তবে মাঝে মাঝে দুই একটি কাউন্টারে কিছু যাত্রীর দেখা মিলছে।
এমআইকে/জেবি