images

জাতীয়

ঈদের ছুটিতেও অফিস করছেন ইসি কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ ২০২৬, ০৩:২৬ পিএম

আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঈদের ছুটিতেও অফিস করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নির্বাচন কমিশন ভবনে সরেজমিন এসে এমন চিত্র দেখা যায়।

ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন। এখন ভোটের প্রচারণা চলছে। এ নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করার জন্য ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে ঈদের ছুটিতেও আমরা কাজ করছি। এছাড়া তফসিল ঘোষণার পর ভোটের জন্য সকল সাপ্তাহিক ছুটি বাতিল করে একটি অফিস আদেশও জারি করা হয়েছিল। 

জানা গেছে, শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।

আবার বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।

এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দু’টো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।

আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ দুই আসনের ভোটগ্রহণ সম্পন্ন করবে সংস্থাটি।

এমএইচএইচ/এমআই