images

জাতীয়

ট্রেন দেরিতে আসায় কমলাপুরে উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ ২০২৬, ০১:৫২ পিএম

এবারের ঈদযাত্রার শুরুতে ট্রেনযাত্রা ছিল অনেকটা স্বস্তির। যথাসময়েই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল ট্রেন। তবে গতকাল বুধবার বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পর ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। এতে বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন ট্রেন যাত্রীরা। রাজধানীর কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) স্টেশন ঘুরে দেখা যায়, প্লাটফর্মজুড়ে উপচেপড়া ভিড়। হাজার হাজার যাত্রী কেউ দাঁড়িয়ে, কেউ বেঞ্চে বসে, আবার কেউ ব্যাগপত্রের ওপর ভর দিয়ে অপেক্ষা করছেন। কেউ সময় কাটাতে গল্পে মেতে উঠছেন, আবার অনেকেই অনিশ্চয়তায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে কেউ বিলম্বিত ট্রেনের যাত্রী, আবার কেউ নির্ধারিত সময়ের অনেক আগেই এসে অবস্থান নিয়েছেন, যাতে কোনোভাবেই ট্রেন মিস না হয়। এতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ছে।

প্লাটফর্মে বিপুল ভিড় থাকলেও কিছু ট্রেনে যাত্রীরা তুলনামূলক স্বাচ্ছন্দ্যে উঠতে পারছেন। তবে অপেক্ষমাণ যাত্রীদের বড় একটি অংশ নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসের। অন্যান্য ট্রেনের যাত্রীরাও রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যায়।

TT1
বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার কবলে পড়ে নীলসাগর এক্সপ্রেস। ছবি: ঢাকা মেইল

অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী জাহিদুল ইসলাম বলেন, ভিড় এড়াতে বেলা ১১টার দিকে স্টেশনে এসেছি। ট্রেন সাড়ে এগারটায় ছাড়ার কথা থাকলেও এসে দেখি অসংখ্য মানুষ। পরে জানতে পারি, নীলসাগর ও একতা এক্সপ্রেস দেরি করায় যাত্রীসংখ্যা বেড়েছে।

একতা এক্সপ্রেসের যাত্রী ফরিদুর রহমান বলেন, সকাল সাড়ে নয়টার দিকে স্টেশনে এসেছি। আমাদের ট্রেন সকাল ১০টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল, এখন শুনছি বিকেলে যাবে। এত সময় কীভাবে কাটাবো বুঝতে পারছি না।

স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা অগ্নিবীণা এক্সপ্রেসের ছাদে যাত্রীদের উঠতে দেখা গেছে। শুধু এই ট্রেনই নয়, আরও কয়েকটি ট্রেন ছাদে যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে, যা নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে।

এম/জেবি