images

জাতীয়

মুষলধারে বৃষ্টিতে ভিজল ঢাকা, স্বস্তির সঙ্গে এলো ভোগান্তিও

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম

রাজধানী ঢাকায় হঠাৎ করেই নামল মুষলধারে বৃষ্টি। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের খবর পাওয়া গেছে। এক ঘণ্টার বেশি সময়ের এ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরলেও কিছুটা ভোগান্তিও দেখা দিয়েছে।

এসময় ঢাকা থেকে যারা ঈদের ছুটিতে বাসা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে বের হন, তারা পড়েন বিপাকে। ছাতা বা রেইন কোর্ট সঙ্গে না থাকায় অনেককেই বৃষ্টি থেকে মাথা বাঁচিয়ে নিরাপদ স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

এছাড়া পেশাজীবী শ্রেণির মানুষ, যারা এখনো ঢাকায় অবস্থান করছেন, কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তারাও পড়েন হঠাৎ বিপদে। সঙ্গে রিকশাচালক এবং রাইড শেয়ারিং করা বাইক চালকদের ভোগান্তি তো আছেই। বৃষ্টির কারণে দীর্ঘ সময় যাত্রীর অভাবে তাদেরও দাঁড়িয়ে থাকতে হয় নিরাপদ স্থানে।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎই ঝুম বৃষ্টি নেমে আসে রাজধানীতে। সঙ্গে আকাশের গুড়ুম গুড়ুম, হালকা ঝড়ো বাতাস এবং কিছু সময় বৃষ্টির সঙ্গে ছোট ছোট শিলা পড়তেও দেখা যায়। যদিও শহরের উঁচু উঁচু দালানে তা সেভাবে ঠাহর হয়নি। 

অন্যদিকে স্বস্তির জায়গা হলো, তাপমাত্রা কিছুটা কমেছে। পাশাপাশি শহরজুড়ে মশার যে ভয়ানক উৎপাত ছিল, মুষলধারে বৃষ্টির ফলে সেই সমস্যাও কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।  

এদিকে ঢাকাসহ সারাদেশে যে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে- এমন পূর্বাভাস বুধবার (১৮ মার্চ) সকালেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর। আগামী চার দিনের জন্য এ পূর্বাভাস দেওয়া হয়। 

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার প্রভাবেই এই বৃষ্টিপাত।

বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২০ মার্চ) থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে অধিদফতর। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের অন্যত্রও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (২১ মার্চ) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। সিলেটসহ দেশের সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিনও তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সামগ্রিকভাবে, আগামী কয়েকদিন দেশে অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে। তাই বজ্রপাত ও শিলাবৃষ্টির ঝুঁকি বিবেচনায় নিয়ে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এমআর/এএইচ