নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২৬, ০১:০২ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে যাত্রীদের যাতায়াত পরিস্থিতি স্বস্তিদায়ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, বাস কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে, কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি।
বুধবার (১৮ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সড়কমন্ত্রী বলেন, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার মধ্যেই যাত্রী পরিবহন করছে। কিছু কিছু ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও ২০ থেকে ৩০ টাকা কম নেওয়ার নজিরও দেখা গেছে। যাত্রীদের অভিযোগ গ্রহণের জন্য টার্মিনালে পুলিশ বুথ স্থাপন করা হয়েছে, কেউ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বাসগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত যাত্রীদের ভোগান্তির কোনো তথ্য পাওয়া যায়নি। রাস্তায় যানজটও নেই বললেই চলে। সব মিলিয়ে এবারের ঈদযাত্রা শৃঙ্খলাপূর্ণ ও স্বস্তিদায়কভাবে চলছে।
জ্বালানি তেল সরবরাহ নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। জানান, ১৫ মার্চ রাত ১১টা থেকে পরিবহন খাতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। যমুনা সেতু দিয়ে আগের দিনের তুলনায় প্রায় ৩২ হাজার বেশি যানবাহন চলাচল করেছে, যা স্বাভাবিক তেল সরবরাহেরই প্রমাণ।
তিনি বলেন, কোথাও জ্বালানি সংকট থাকলে সংশ্লিষ্টদের অভিযোগ করার সুযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত গণপরিবহনে জ্বালানি ঘাটতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এএইচ/এএস